গফরগাঁওয়ে বিএনপি কার্যালয়ে আগুন, সংঘর্ষে ওসিসহ আহত ৩০
গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে
আগুন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ
নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মীর আলীমুজ্জামানসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহত ওসি মীর আলীমুজ্জামানকে গফরগাঁও উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলা সদরের পাবলিক
হল রোডের পাটমহাল রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার পর এ সংঘর্ষের সূত্রপাত।
স্থানীয় বিএনপি ও গফরগাঁও থানা পুলিশ সূত্র
জানায়, রোববার বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচি
চলাকালে গফরগাঁওয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে সরকার দলীয় নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য
ফজলুর রহমান সুলতানের নিয়ন্ত্রণাধীন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার
সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এদিকে, আগুন দেওয়ার ঘটনায় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ শুরু
হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিজেরাও
সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গফরগাঁও থানার ওসি মীর আলিমুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) সুজাসহ ৩০ জন আহত হন।
গফরগাঁও থানার পুলিশ কনস্টেবল ফরিদ আহমেদ
জানান, ওসি সাহেবসহ অনেকেই আহত হয়েছেন।
পুলিশ সুপার (এসপি) গোলাম মো. কিবরিয়া জানান,
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩৫ রাউন্ড রাবার বুলেট,
৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।